খুলনায় মুরাদ খান (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ খান উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। স্থানীয়রা জানান, মুরাদ খান খুলনা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করেন। এসময় মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে অস্ত্রধারীরা সেখান থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। তিনি নিস্তেজ হয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যান। পরে স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার কারণ উদঘাটন এবং আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। আরিফুর রহমান/এসআর/এএসএম