নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি জনগণের সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।তিনি জানান, দেশের অসচ্ছল পরিবারগুলোকে সহায়তা করতে 'ফ্যামিলি কার্ড', কৃষকদের ন্যায্যমূল্যে কৃষি উপকরণ নিশ্চিত করতে 'কৃষক কার্ড' এবং ইমাম-মোয়াজ্জিনদের উৎসব ভাতার আওতায় আনার পাইলট প্রকল্প এই ঈদের আগেই শুরু হতে যাচ্ছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে যশোর শহরের হোটেল ওরিয়ন প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পেশাজীবী সংগঠনের নেতা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী অমিত তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হলেও জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  এছাড়া যশোরের দীর্ঘদিনের  'জলাবদ্ধতা' নিরসনে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগত বর্ষা মৌসুমের আগেই অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা দূর করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে।আরও পড়ুন: যশোরে ৫.৪ মাত্রার ভূমিকম্প: মানুষের দিগ্বিদিক ছোটাছুটিমাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যশোরে কোনো সন্ত্রাসী, মাদক কারবারি বা কিশোর গ্যাংয়ের প্রতি বিএনপির কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবে না। আমি প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দিয়েছি এবং যশোরকে শান্ত ও নিরাপদ রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দেশের সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।