রাজধানীর নারিন্দায় এসির কমপ্রেসার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সেলিম ব্যাপারীর (২৫) মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সেলিমের শ্বাসনালীসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তিনি আরও জানান, সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) শরীরের ২২ শতাংশ ও মা সেলিনা বেগম (৪৬) ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। এরআগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার ৫তলা একটি বাড়ির তৃতীয় তলায় মজুত করে রাখা এসির কমপ্রেসার থেকে বিস্ফোরণ ঘটে। আরও পড়ুন: রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ থেকে বাসভবনে আগুন, দগ্ধ ৩ সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, নারিন্দার তৃতীয় তলার ওই বাসায় পরিবারটি ভাড়া থাকে। ধোলাইপাড়ে মুক্তার ব্যাপারীর এসি, ফ্রিজের কমপ্রেসারের দোকান রয়েছে। তবে দোকানের মালামাল বাসাতেও রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে ফোনের মাধ্যমে ওই বাসায় দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটির বিস্তারিত জানাতে পারেননি তিনি। তিনি আরও জানান, সেলিম অবিবাহিত। পরিবারের ৩ সদস্যই থাকতেন বাসাটিতে। বিস্ফোরণে বাসাটির সব তছনছ হয়ে গেছে। সেলিমের সমস্ত শরীর পুড়ে গেছে। তার বাবা মায়ের অবস্থাও গুরুতর।