চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব রূপ নেয় সংঘর্ষে। এতে বাবা-ছেলে ৭ জন আহত হয়েছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে বাবা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমানসহ (৩৩) ৭ জন আহত হয়েছেন। এ সময় ঘরবাড়ি ভাঙচুরের সঙ্গে তিনটি মোটরসাইকেলও ভাঙচুর হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই বাবা-ছেলের মধ্যে তর্কের একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছায়। সাইদুর রহমানের শ্বশুরকূলের লোকজন মোটরসাইকেলে করে সাত-আটজনকে নিয়ে গ্রামে ঢুকে নুর ইসলামের ওপর চড়াও হয়। ঘটনার কারণে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। হামলার সময় তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর চারজনকে পুলিশে হস্তান্তর করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।আরও পড়ুন: কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ঘরবাড়ি ও আসবাবপত্র ব্যাপকভাবে নষ্ট হয়। দরজা-জানালা ভেঙে যাওয়ায় নারী ও শিশুসহ গ্রামবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়।ঘটনাস্থলে উপস্থিত দর্শনা থানার উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, ‘বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিনের কলহ এবং বাকবিতণ্ডার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে শ্বশুরপক্ষের লোকজন এসে আরও উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।’দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা জানান, বিষয়টি আমি শুনেছি উভয়পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।