দ্রুততম সময়ে রাজধানীর হাতিরঝিল এলকায় শিশু তাসলিমা আক্তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটি একটি গর্হিত অপরাধ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এলাকার যত বড় প্রভাবশালী হোক না কেন, বাড়িওয়ালা হোক আর যাই হোক, সেটা বিবেচনায় নেয়া হবে না জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এবং এই হত্যাকাণ্ডের বিচার আমরা দ্রুতসময়ে নিশ্চিত করব। আরও পড়ুন: হাতিরঝিলে শিশুর রহস্যজনক মৃত্যু, যা বলছেন ভবন মালিক ও পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়ে নাহিদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন মব কালচার থাকবে না। কিন্তু কয়েকটি ঘটনা ঘটছে, শাপলা কলিতে ভোট দেয়ার কারণে হামলা চলছেই। এ সময় রাষ্ট্রপতির সময় ফুরিয়ে গেছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, তাকে যেভাবে সরাতে হয়, সেভাবেই এগোচ্ছি। প্রথম অধিবেশনে সংস্কার ও রাষ্ট্রপতিকে সরানোর বিষয় প্রথম গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।