ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সরকার প্রত্যেকে একটা বিষয়ে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি বলেন, উপজেলা প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা-কর্মচারীরা আছেন, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো অতীতে কী করেছি বা কী করিনি, সে বিষয়ে যেতে চাই না। এখন থেকে পরবর্তী ধাপগুলো যারা যতদিন সার্ভিসে থাকবেন, সবাইকে অনুরোধ করবো দুর্নীতিমুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সংবিধানের ২১ (২) অনুচ্ছেদ অনুযায়ী জনগণকে সেবা দেওয়া আপনারা বাধ্য। গত ১৮ বছরে আমরা অধিকাংশে সেবার মানসিকতা পাইনি, কারণ তখনকার সরকারগুলো জনগণের কাছে জবাবদিহিতার সরকার ছিল না। আমাদের সরকার জনগণের কাছে জবাবদিহিতার সরকার। তিনি বলেন, জনগণের কাছে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে আমাকে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহি করব প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা-কর্মচারী জবাবদিহির ঊর্ধ্বে থাকবে সেটা আমাদের আইন সংবিধানে গ্রহণ করে না। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য। ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি এবং আপনারা যারা প্রশাসনে আছেন যৌথভাবে কাজ করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে। নির্বাচনের আগেই জনগণকে সাক্ষী রেখে বলেছি আমি নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেব না। এইচ এম কামাল/এনএইচআর