চলতি বিশ্বকাপে দুই গ্রুপ থেকে দুটি দল ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে— গ্রুপ ১ থেকে দক্ষিণ আফ্রিকা ও গ্রুপ ২ থেকে ইংল্যান্ড। তবে গ্রুপ ১-এর সমীকরণটা একেবারেই সহজ, মানে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে যে দল জিতবে তারাই চলে যাবে সেমিতে। অন্যদিকে গ্রুপ ২ থেকে শেষ চারে খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে, আর সেটি করতে না পারলে শেষ চারে পা রাখবে নিউজিল্যান্ড।গ্রুপ ২ থেকে তিন ম্যাচের সবগুলোই জিতেছে ইংল্যান্ড। অন্যদিকে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। আর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান। শ্রীলঙ্কা সেমিফাইনালের দৌড় থেকে অবশ্য আগেই বাদ পড়েছে। তবে এখান থেকেও সেমিফাইনালে খেলার আশা বেঁচে আছে পাকিস্তানের, যদিও সেটি খুব একটা সহজ নয় তাদের জন্য। আরও পড়ুন: ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান ৩ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডের নেট রানরেট এখন +১.৩৯০, আর ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রানরেট এই মুহূর্তে -০.৪৬১। অর্থাৎ, সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। এককথায় বলতে গেলে জয়ের সাথে সাথে নেট রানরেটেও নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে হবে। কেননা, শেষ ম্যাচ যদি পাকিস্তান জেতে, তাহলে তাদের পয়েন্টও হবে কিউইদের সমান ৩। সেক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকা দলই যাবে সেমিতে। আর পাকিস্তান যদি হেরে যায়, তাহলে কোনো সমীকরণ ছাড়াই সেমিতে চলে যাবে নিউজিল্যান্ড। সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে আগেই বাদ পড়েছে শ্রীলঙ্কা। নিজেদের শেষ ম্যাচটি তাদের জন্য কেবল নিয়ম রক্ষার, তবে পাকিস্তানের জন্য টিকে থাকার লড়াই। সেমিফাইনাল খেলতে হলে যে সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে, তা কঠিন বটে তবে অসাধ্য নয়। আরও পড়ুন: বিশ্বকাপ না জিতলে গম্ভীর চাকরি হারাবেন বলে ভবিষ্যদ্বাণী ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে চলে যেতো নিউজিল্যান্ড, তাও আবার গ্রুপ সেরা হয়েই। তবে ইংলিশদের কাছে তারা হেরে যাওয়াই পাকিস্তানের জন্য সুযোগ তৈরি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান যদি আগে ব্যাট করে, তাহলে তাদের জিততে হবে অন্তত ৬৪ রানের ব্যবধানে। এই রানের ব্যবধানে জেতা অবশ্য খুব বেশি কঠিন নয়, আবার সহজও নয়। তবে টসে জিতলে খুব সম্ভবত আগে ব্যাটিংই নেবে পাকিস্তান। আবার পাকিস্তান যদি আগে ফিল্ডিং করে, তাহলে তারা চাইবে যতটা সম্ভব অল্প রানেই শ্রীলঙ্কাকে আটকে রাখতে। কেননা, পরে ব্যাট করলে পাকিস্তানকে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। এই কঠিন সমীকরণ যদি পাকিস্তান মেলাতে পারে, তাহলেই নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান।