এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন

আলোচিত জেফরি এপস্টেইনের বিতর্কিত নথি তদন্তে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির কাছে ‘জবানবন্দি’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ জবানবন্দিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এপস্টেইনের অপরাধ সম্পর্কে অজ্ঞাত ছিলেন এবং নিজে কোনো ভুল করেননি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রায় ছয় ঘণ্টার জবানবন্দিতে তিনি তদন্ত কমিটিকে জানিয়েছেন, এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে যদি সামান্য আভাসও পেতেন তবে তিনি কখনোই এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতেন না এবং নিজেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার শুনানিকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি জানান, ক্লিনটন সব প্রশ্নের উত্তর দিয়েছেন। ডেমোক্র্যাট সদস্যরা অবশ্য রিপাবলিকানদের এই শুনানিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন। এর একদিন আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হিলারি ক্লিনটনও একই কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন। এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনও ধারণা ছিল না বলে কমিটিকে জানিয়েছেন। হিলারি আরও বলেন, তিনি কখনো এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেননি। বিল ক্লিনটন জানান, ২০০৫ সালের দিকে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপরাধে ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। দীর্ঘ টানাপড়েনের পর এপস্টেইন নথি নিয়ে জবানবন্দিতে সম্মত হন ক্লিনটন দম্পতি। প্রথমে ২০২৫ অক্টোবর মাসে তাদের সাক্ষ্য নির্ধারিত হলেও তা পিছিয়ে নেওয়া হয়। অবশেষে হিলারি ক্লিনটন এবং বিল ক্লিনটনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। গোপনে অনুষ্ঠিত পৃথক এই বৈঠকে ১০ জন রিপাবলিকান সদস্য উপস্থিত ছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান কেএম