যশোরের অভয়নগরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না থাকায় পাঁচ ব্যবসায়ীকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে এই পাঁচ ফলের দোকানে নির্ধারিত মূল্যতালিকা পাওয়া যায়নি। এছাড়া তারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছিলেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় পাঁচজন ফল ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ৩ হাজার করে ৯ হাজার টাকা, একজনকে ৫ হাজার টাকা ও অপর একজনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, ভোক্তার অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মিলন রহমান/কেএইচকে/এএসএম