বরিশালে প্রাইভেট কারে আ.লীগ নেতার মহড়া, এলাকায় আতঙ্ক

বরিশাল নগরীর কাশিপুরে দীর্ঘ দেড় বছরের আত্মগোপন ভেঙে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর গড়িয়ারপাড় এলাকায় একটি প্রাইভেট কার নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা একটি প্রাইভেট কারে প্রকাশ্যে ঘুরে শোডাউন করেন। এ সময় লিটন মোল্লা গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘দলের নির্দেশ এখন সবাই ঠান্ডা থাকতে হবে, এখন কোনো ঝামেলা করার সময় না। আমার নির্দেশের বাহিরে গিয়ে যদি কেউ ঝামেলা করো তাহলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ সময় তাকে বলতে শোনা যায়, আমি আবুল হাসনাত আব্দুল্লাহ ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনা ছাড়া কিছুই করি না।’ জানা গেছে, লিটন মোল্লা জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অস্ত্র নিয়ে অবস্থান নেন। এছাড়া তিনি একাধিক মামলার আসামিও। লিটন মোল্লার নেতৃত্বে নগরীর কাশিপুর এলাকায় প্রকাশ্যে আওয়ামী লীগের মহড়া দেওয়ার বিষয়টি এখন টক অব টাউনে পরিণত হয়েছে। বিমানবন্দর থানার পাশেই লিটন মোল্লার অবস্থান নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কাশিপুর এলাকার বাসিন্দা আরিফ বলেন, আওয়ামী লীগের ১৭ বছরে বরিশাল নগরী ও কাশিপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল কাদের মোল্লার তিন ছেলে কালাম মোল্লা, লিটন মোল্লা ও মনু মোল্লা। এমনকি এলাকায় মাদকের সিন্ডিকেট এই পরিবারটি। গত দেড় বছর পালিয়ে থাকার পর শুক্রবার প্রকাশ্যে আসেন লিটন মোল্লা। একাধিক মামলার আসামি লিটনকে কেন গ্রেফতার করা হয়নি এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শাওন খান/কেএইচকে/এএসএম