ইরানে চলমান ব্যাপক আক্রমণকে কাজে লাগিয়ে দেশের ধর্মীয় নেতৃত্বের শাসনব্যবস্থাকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।ইরানে হামলার পর এক ভিডিও বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের প্রতি আহ্বান জানান, ইরানে চলমান তাদের ব্যাপক আক্রমণকে কাজে লাগিয়ে যেন তারা দেশের ধর্মীয় নেতৃত্বের শাসনব্যবস্থাকে উৎখাত করে। তিনি বলেন, ‘যখন আমরা শেষ করব, নিজেদের সরকার দখলে নিন। এটি আপনাদের নেয়ার জন্য থাকবে। বহু প্রজন্মে এটাই সম্ভবত আপনাদের একমাত্র সুযোগ।’ তিনি ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সতর্ক করে বলেন, তারা যদি অস্ত্র ফেলে না দেয়, তাহলে ‘নিশ্চিত মৃত্যুর মুখোমুখি’ হতে হবে, তবে অস্ত্র সমর্পণ করলে তাদের ‘মুক্তি’ দেয়া হবে। আরও পড়ুন: ইরানের পাল্টা হামলা শুরু চলতি জানুয়ারির শুরুতে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে অন্তত ৬ হাজার ৪৮০ জন নিহত হয়েছে—মানবাধিকার কর্মীদের এমন দাবির পর—ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। তিনি সতর্ক করেছিলেন যে দায়ীদের ‘বড় মূল্য দিতে হবে’ এবং বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন যে ‘সহায়তা পথে রয়েছে’। তবে কয়েক দিন পর প্রেসিডেন্ট জানান, ইরান সরকারের কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে ‘হত্যা বন্ধ হয়েছে’ এবং তার দৃষ্টি সরে যায় দেশের পরমাণু কর্মসূচির দিকে—যা নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আরও পড়ুন: ইসরাইলে ভয়াবহ বিস্ফোরণ এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি দূর করতে’ একটি অভিযান শুরু করেছে। নেতানিয়াহু বলেন, আমি আমাদের মহান বন্ধু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই। ৪৭ বছর ধরে আয়াতুল্লাহ শাসকগোষ্ঠী ‘ইসরাইলের মৃত্যু হোক’, ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দিয়ে আসছে।