বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। এদিকে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স। ঘটনাগুলোর কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে। সূত্র: আল-জাজিরা এমএসএম