ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী কল্পনার বাইরে ভোট পেয়েছেন: ইশরাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কল্পনার বাইরে ভোট পেয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এর আগে নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন ইশরাক। ইশরাক হোসেন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল (জামায়াত) অস্বাভাবিকহারে ভোট পেয়েছে; এটা কল্পনারও বাইরে। অথচ ১৯৯৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা-৬ আসনে সব মিলে ৩ হাজার ভোট পেয়েছিল। তখন হাতপাখা ভোট পেয়েছিল ৬,০০০। তিনি বলেন, এবার ভোটের যে হার সেই বিষয়টি আমি সরকার ও নির্বাচন কমিশনকে জানাবো। এটা ভেরিফিকেশন হওয়া উচিত, সেই ভোটাররা কারা, তারা সঠিকভাবে ভোট দিয়েছিল কি না। যারা এখানকার বাসিন্দা তারাই ভোট দিয়েছে কি না এটা বের করতে হবে। কারণ এই বিষয়টি বোধগম্য নয় এবং বিশ্বাসযোগ্য নয়। মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি। কিন্তু এই স্ট্যাটাসেই সবকিছু নয়। আমি দলীয় মনোনয়নে ঢাকা-৬ আসনে নির্বাচন করেছি। এখন সামনে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন যিনি পাবেন তিনিই নির্বাচন করবেন। এমএমএ/এমএমকে