ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা-পাল্টা হামলার ঘটনায় অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় বেবিচক জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরাইল। মাত্র ৯ মাসের মাথায় আজ শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় নেতানিয়াহু সরকার। ইরানে সরকারবিরোধী আন্দোলনসহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। এ পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আরও পড়ুন: ইরানে হামলার পর আকাশসীমা বন্ধ করল ইসরাইল, সব বেসামরিক ফ্লাইট বাতিল ইসরাইলি-মার্কিন যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি। এগুলো প্রধানত সামরিক গুরুত্বপূর্ণ স্থান। এর আগে গেল বছরের ১৩ জুন ‘অপারেশন রাইজিং লায়ন’ এ—ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান সেই সময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। ১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।