ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার আগে সামাজিকমাধ্যমে দেন এক রহস্যময় বার্তা। সংক্ষিপ্ত সেই পোস্টে তিনি লেখেন, “বিগ এক্সপোজ অ্যালার্ট! গেট রেডি এভরিওয়ান!”- যা নিয়ে এখন চলছে নানা আলোচনা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন ইকরা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের ঘনিষ্ঠজনরা। এর আগের দিনও সামাজিকমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন তিনি, যেখানে ছিল নিজেকে মুক্তি দেওয়ার ইঙ্গিত। এক পোস্টে আলভী লেখেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।” এর জবাবে ইকরা মন্তব্য করেন, “ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মেলে না। আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম। আবার কষ্ট কেন!”- এই মন্তব্য এখন নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন জাহের আলভী। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।” তিনি আরও লেখেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।” ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। আরও পড়ুন:দুই হাজার টাকা হাতে বিয়ে, ১৬ বছরের সংসার ছাড়লেন ইকরা স্ত্রীর আত্মহত্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী এ ঘটনায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিকতার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এমএমএফ