৩ দিন অচলাবস্থা, অবশেষে আদালত বর্জন থেকে সরে আসলো বরিশালের বিএনপিপন্থী আইনজীবীরা

বরিশালে আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। তিন দিনের টানা অচলাবস্থার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তারা।একইসঙ্গে জেলা আইনজীবী সমিতিও এই সিদ্ধান্তে একমত পোষণ করেছে। ফলে রোববার (১ মার্চ) থেকে বরিশালের আদালতে স্বাভাবিক হবে বিচার কার্যক্রম। এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ। বিচারকের দেয়া সেই আদেশকে কেন্দ্র করে বিচারকের উপস্থিতিতেই বিচারকের কাজে বাধা, এজলাসে  ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। আরও পড়ুন: ১২ আইনজীবীর সনদ বাতিলের দাবিতে বার কাউন্সিলে আবেদন সেই ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। মামলায় সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন বর্তমানে কারাগারে রয়েছেন। এরপরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার জামিন বাতিল, সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং সভাপতি মুক্তির দাবিতে টানা তিন দিন আদালত বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সাধারণ আইনজীবীরা এই কর্মসূচিতে প্রকাশ্যে একাত্মতা প্রকাশ না করলেও তারা আদালতের কার্যক্রমে অংশ নেননি। এতে কার্যত অচল হয়ে পড়ে আদালতের বিচারিক কার্যক্রম। ভোগান্তিতে পড়েন শত শত বিচারপ্রার্থী। আরও পড়ুন: এজলাসে ভাঙচুরের অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটক জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন বলেন, 'সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতেই এই সিদ্ধান্ত। আইনজীবী সমিতির সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিটও।