সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মিলন হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ৫২ জন মহিলার ছবি ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি উদ্ধার করা হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্তের বাড়ি থেকে এসব নথিপত্র উদ্ধার করেন স্থানীয় বিএনপি নেতারা ও ভুক্তভোগীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন হোসেন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র মহিলাদের ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা এবং নথিপত্র সংগ্রহ করে আসছিলেন। শনিবার সকালে বেশ কয়েকজন ভুক্তভোগী মহিলা স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে একটি দল মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মিলন ৫২ জন মহিলার ছবিসহ এনআইডি কার্ডের ফটোকপি বের করে দেন এবং টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, 'মিলন একজন চিহ্নিত প্রতারক ও আওয়ামী লীগ কর্মী। তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং সে জেলও খেটেছে। সে ফ্যামিলি কার্ডের নাম করে অসহায় মহিলাদের সাথে প্রতারণা করছিল।'উদ্ধারকালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর বলেন, 'উপস্থিত জনতা অভিযুক্তকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয়দের অনুরোধে আপাতত পরিবারের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।'আরও পড়ুন: যে ৬ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে নাকলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সাতক্ষীরা জেলায় নতুন করে কোনো ফ্যামিলি কার্ড দেওয়ার সরকারি নির্দেশনা আসেনি। এমতাবস্থায় কোনো প্রকার প্রলোভনে পড়ে কাউকে টাকা না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।