ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান রাশিয়ার

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘কোনো অবস্থাতেই’ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রুশ পরমাণু সংস্থা এই আহ্বান জানালো। সংস্থাটি আরও জানিয়েছে, তারা ইরান থেকে ৯৪ জনকে সরিয়ে নিয়েছে। তবে তাদের কর্মীরা এখনও বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অবস্থান করছেন। রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভের বক্তব্য উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মীদের সব সন্তান, অপ্রয়োজনীয় কর্মী এবং যারা দেশ ছাড়তে চেয়েছেন তাদের সরিয়ে নেয়া হয়েছে। লিখাচেভ বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঝুঁকি মূল্যায়ন করছেন। প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হবে। আরও পড়ুন: ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া এই কর্মকর্তা বুশেহরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে জোর দিয়ে বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলোকে কোনো পরিস্থিতিতেই আক্রমণ করা উচিত নয়। বুশেহর বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার সহায়তায় নির্মিত এবং এটি ইরানের একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতিকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে হবে। এই সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব ‘দায়িত্বহীন কর্মকাণ্ডের’ নিরপেক্ষ মূল্যায়ন করা। রাশিয়া জানিয়েছে, তারা আগের মতোই আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে সহযোগিতা করতে প্রস্তুত। এদিকে ইরানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। আরও পড়ুন: ইরানে ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো রাশিয়া টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, সামরিক অভিযান চালানোর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা ছিল কেবল বিষয়টিকে আড়াল করার জন্য। মেদভেদেভ বলেন, ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে সব আলোচনা ছিল একটি আড়াল মাত্র। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। বাস্তবে কেউ কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি।’ পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি।