চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রামে চাঁদা না পেয়ে আবারো ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপির বাড়ি লক্ষ্য করে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চার অস্ত্রধারীর গুলিতে বাড়ির দ্বিতীয় তলায় জানালার কাঁচ ভেঙে যায়। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চন্দনপুরায় অবস্থিত স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানও পরিবার নিয়ে বসবাস করেন। একটি ভিডিওতে দেখা যায়, চার অস্ত্রধারী ব্যবসায়ী মুজিবের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। পরে বাড়ির পেছনে চাক্তাই খাল লাগোয়া সড়ক দিয়ে তারা সটকে পড়ে।  এর আগে গত ২ জানুয়ারি বাড়িটি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছিল। এর আগে প্রথমবার বাড়ির সামনে থেকে গুলি করলেও সেখানে পুলিশ থাকায় এবার বাড়ির পেছন থেকে গুলি করেছে। আরও পড়ুন: চট্টগ্রামে ডাকাত দলের গুলিতে গরুর মালিক নিহত টেক্সটাইল, পোশাক, জ্বালানি খাতে ব্যবসা রয়েছে মুজিবুর রহমানের। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত মুজিবুর ২০২৪ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, চারজন অস্ত্রধারী গুলি ছুঁড়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ করেছে। কারা এই হামলায় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেয়া হবে। এর সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য কাজ করছি। আরও পড়ুন: চট্টগ্রামের রাউজানে দুষ্কৃতকারীদের গুলিতে যুবদলকর্মী নিহত এ ঘটনায় কোনো অভিযোগ শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ করেনি বলে জানান তিনি।