আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইরান আমিরাত, কাতার ও বাহরাইনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালাচ্ছে। এর মধ্যে আবুধাবি, মানামা ও দোহায় নতুন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদকরা মানামায় কমপক্ষে দুইটি বিস্ফোরণ শুনেছেন। কাতারে সাংবাদিকরা নতুন বিস্ফোরণের ঢেউয়ের তথ্য জানিয়েছেন। আবুধাবির বাসিন্দারাও বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। এই হামলার ধারা চলতে থাকায় স্থানীয় জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু এলাকায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মূলত মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে। প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। এদিকে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স। সূত্র: এএফপি এমএসএম