রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ মুন্না মন্ডল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মুন্না কুষ্টিয়ার দৌলতপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী মুন্না মন্ডলের জ্যাকেটের দুই পকেটে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়। তাৎক্ষনিক তাকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন: নাটোরে নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মুন্না জানিয়েছে- অস্ত্রগুলো নিয়ে সে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। মূলত সে বহনকারী নাকি ব্যবসায়ী তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।