ইরানের হামলার জেরে বাহরাইনে মার্কিন দূতাবাস বন্ধ

বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদফতরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ছুড়ছে ইরান। ফলে দেশটিতে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে তেহরানের ব্যাপক পাল্টা হামলা শুরু করার পর এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাহরাইনে নিযুক্ত মার্কিন দূতাবাস বলেছে, চলমান ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে রোববার (১ মার্চ) বাহরাইনে মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বিবৃতিতে বলা হয়, রোববারের জন্য নির্ধারিত সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। দূতাবাস স্বাভাবিক কার্যক্রমে ফিরলে তা জানিয়ে দেয়া হবে। আরও পড়ুন: ইরানে হামলার ঘটনায় যে বার্তা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরাইল। মাত্র ৯ মাসের মাথায় আজ শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় নেতানিয়াহু সরকার। ইরানে সরকারবিরোধী আন্দোলনসহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। এ পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরাইলি-মার্কিন যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আরও পড়ুন: ইরানে ইসরাইলের হামলা, যা বলছে পাকিস্তান বাহরাইন ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন সেনাদের ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।