যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে না জড়ানোর আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এতে যুক্তরাষ্ট্রকে সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি। আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরাইলের একাধিক স্থানে বিস্ফোরণ তীব্র সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আল বুসাইদি বলেন, আজকের হামলায় তিনি ‘হতাশ’। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সক্রিয় এবং আন্তরিক আলোচনা আবারও ক্ষুণ্ন হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা বিশ্ব শান্তির উদ্দেশ্য কোনোটিই ভালোভাবে কাজে আসবে না। এবং আমি নিরপরাধদের জন্য প্রার্থনা করছি যারা ক্ষতিগ্রস্ত হবেন।’ যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিবৃত্ত হওয়ার অনুরোধ করছি। এটি তোমাদের যুদ্ধ নয়।’ আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিক্রিয়ায় যা বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান পরমাণু ইস্যুতে ওমানের মধ্যস্থতায় চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনা শুরু হয়। এরপর গত ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা এবং গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসেন দেশ দুটির প্রতিনিধিরা। আগামী সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় আবারও পারোক্ষ আলোচনায় বসার কথা ছিল।