যশোরে রোমান জুট মিলে আগুন, কোটি টাকার ক্ষতি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা জানান, সন্ধ্যায় আকস্মিক জমাকৃত পাটের পিছনের অংশে আগুন লাগে। এবং পরে তা ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরও জানান, ঘটনার পর মিল এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।আরও পড়ুন: যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৩নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।এদিকে মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, এখনো সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।