চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, চলে গেলেন শিপনও

চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিপন (৩০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন ছয়জন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শিপনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিল। আরও পড়ুন: উত্তরায় রেস্টুরেন্টে গ্যাস লিকেজ, দগ্ধ ৭ জন বার্ন ইনস্টিটিউটে এর আগে, মারা গেছেন শিপনের ভাই সাখাওয়াত হোসেন, সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, বড় ভাই সামির আহমেদ সুমন, বড় ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি। ডা. শাওন জানান, বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, ভাইয়ের মেয়ে আয়েশা ৪৫ শতাংশ, ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যার দিকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনরা। এ ঘটনায় দগ্ধ হয় মো. সাখাওয়াত হোসেন (৪৬), স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৬) মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০), স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫), মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।