জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে ইফতারের পর জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার জন আহত হয়েছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জীবননগর হাসাদাহে গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চার জনকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে হাফিজুর রহমান (৪৫), মফিজুর রহমান (৪০) ও একই গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০) ও আতিক (১৯)। আহতদের মধ্যে হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে তাকে পাঠিয়েছেন।   বর্তমানে হাসাদাহের অবস্থা থমথমে বিরাজ করছে। জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান করছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়া। এদিকে ঘটনাস্থলে রয়েছে জীবননগর থানা পুলিশের টিম।   জীবননগর থানার অফিসার্স ইনচার্জ ওসি সোলাইমান শেখ বলেন, হাসাদহে জামায়াত-বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। পরিবেশ এখন শান্ত রয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।