চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফাহাদকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানও। আরও পড়ুন: কেন শোকজ ও জবাব না দেয়ার সিদ্ধান্ত জানালেন হামিম দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডি থেকে কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি প্রশংসাসূচক পোস্ট দেন শাহরিয়ার উদ্দিন ফাহাদ। সেখানে তিনি লিখেছিলেন, দল–মত যাই হোক, দেবীদ্বারের ছেলেরা এখন হাসনাত হতে চায়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় মহলে সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, একটি রাজনৈতিক সংগঠনের নিজস্ব শৃঙ্খলা রয়েছে। কেউ দলীয় নীতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়ালে সংগঠন সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে। বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার উদ্দিন ফাহাদ বলেন, তাকে কোনো কারণ জানানো হয়নি এবং বিষয়টি নিয়ে তিনি ভাবছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বহিষ্কারাদেশকে ইঙ্গিত করে হাস্যরসাত্মক মন্তব্যও করেন।