ঈদের পর ফুটপাত দখলমুক্ত করা হবে: আব্দুস সালাম

আসন্ন ঈদুল ফিতরের পর সিটি করপোরেশন, ব্যবসায়ী ও হকারদের সমন্বিত সভার মাধ্যমে পরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটওভারব্রিজ উদ্বোধনকালে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে ডিএসসিসি উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে। নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, পবিত্র রমজানে আপনারা ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করবেন এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট থাকবেন। এমএমএ/বিএ