যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। জবাবে ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (১ মার্চ) সকালে এমন খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। এবার আরও জোরালো হামলার বার্তা দিলো তারা। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে ঘোষণা করেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সামরিক অভিযান শুরু হতে যাচ্ছে’। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই অভিযান শুরু হবে এবং তা অঞ্চলজুড়ে অধিকৃত ভূখণ্ড ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হবে।