আর কয়েক মাস পরই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দল ইরান। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিলেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের গণমাধ্যম তেহরানে এক সাক্ষাৎকারে তাজ বলেন, 'আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাবো। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।'ফিফা বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সবশেষ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।আরও পড়ুন: সুরক্ষিত ভবনে খামেনিকে কীভাবে হত্যা করা হলো? এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। আর দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা।শনিবার ইরানে হামলার পর ইরান প্রো লিগের ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। বছর খানেক আগেও ইরানে হামলা করেছিল ইসরায়েল। তখনও বিরূপ প্রভাব পড়েছিল দেশটির ক্রীড়াঙ্গনে।