লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে বিকাশকর্মী শাহরিয়া রাজু (২৮) নিহত হয়েছেন। পাশের জেলা চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবে মেঘনা নদীর তীরে বন্ধুদের সঙ্গে ইফতার করে তিনি লক্ষ্মীপুরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের সর্দার বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বন্ধুদের সবসময় মাতিয়ে রাখা রাজুর এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তিনি নিয়মিত রক্তদানসহ সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। নিহত রাজু সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি বিকাশের রায়পুর শাখায় চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু ও কয়েকজন বন্ধু শনিবার বিকেলে চাঁদপুরের চরভৈরব লঞ্চঘাট এলাকায় ইফতার করতে যান। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি লরির নিচে ঢুকে যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাজু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা লরিটি সরকারি কাজে নিয়োজিত ছিল বলে জানায় স্থানীয়রা। কোনো ধরনের সতর্কবার্তা বা চিহ্ন ছাড়াই অন্ধকারে সড়কের ওপর লরিটি পার্ক করে রাখা হয়। নিহত রাজুর বন্ধু কাজী মোহাম্মদ শামীম বলেন, রাজু তার কয়েকজন বন্ধুর সঙ্গে চাঁদপুরের চরভৈরবীতে গিয়ে নদীর পাড়ে ইফতার করে। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছে। সে বিকাশের রায়পুর শাখায় চাকরি করতো। তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিকল হয়ে যাওয়ায় লরিটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত করাবে না বলে পরিবার জানিয়েছে। কাজল কায়েস/এফএ/জেআইএম