চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার হাসাদাহ বাজারে পূর্ব শত্রুতার জের ধরে ইফতারের পর এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ইফতারের কিছুক্ষণ পর হাসাদাহ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতরা হলেন- জীবননগর উপজেলার জমায়াত কর্মী সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে হাফিজুর রহমান (৪৫), মফিজুর রহমান (৪০), একই গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০) ও আরও একজন। তাদের গুরুতর আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন। ঘটনার পর থেকে হাসাদাহ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, উত্তেজনা অব্যাহত থাকলে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় জীবননগর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, হাসাদাহ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত রয়েছে। হুসাইন মালিক/এমএন/জেআইএম