শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হারের পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাল্লেকেলে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।শ্রীলঙ্কার সঙ্গে সনাৎ জয়াসুরিয়ার চুক্তির মেয়াদ ছিল ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। তবে জানুয়ারিতেই জয়াসুরিয়া ঘোষণা দিয়েছিলেন যে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের পর তিনি আর এই দায়িত্বে থাকবেন না।চলতি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে না পারায় হতাশাজনকভাবে শেষ হয় শ্রীলঙ্কার অভিযান। এর সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার চোট দলের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।২০২৪ সালের জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন জয়াসুরিয়া এবং শুরুতেই প্রভাব রাখেন। তার অধীনে শ্রীলঙ্কা ভারতকে ২–০ ব্যবধানে হারিয়ে ওয়ানডে (একদিনের আন্তর্জাতিক) সিরিজ জেতে, যা ছিল ২৭ বছর পর ভারতের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়। একই সময় ইংল্যান্ডের মাঠ দ্য ওভালে টেস্টে ঐতিহাসিক জয়ও পায় দলটি।আরও পড়ুন: জিতেও বাদ পড়লো পাকিস্তান পরে ২০২৪ সালের ১ অক্টোবর তাকে পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। তার অধীনেই শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে এবং কিছু সময়ের জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে।জয়সুরিয়ার কোচিং সময়ে তিন সংস্করণ মিলিয়ে শ্রীলঙ্কা মোট ৭৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে ৩৪টি, হেরেছে ৩৮টি এবং দুটি ম্যাচের ফল হয়নি। বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই তাই হয়ে থাকল তার বিদায়ী ম্যাচ।