জেদ্দা-রিয়াদ-মাস্কাটের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ছাড়বে ইউএস-বাংলার ফ্লাইট

সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।রোববার (১ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইরান-ইসরাইল সংঘাতের জেরে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিরাপত্তাঝুঁকিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া এয়ার ইন্ডিগো, ইউএস-বাংলা, সৌদি এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনা স্থগিত রাখে। এতে ঢাকা বিমানবন্দরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন যাত্রীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচী অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচীর চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার জন্যও অনুরোধ জানায় কর্তৃপক্ষ। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যগামী এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে।