জাতীয় দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে এখন দুজন নির্বাচকের প্রয়োজন বিসিবির। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।আগ্রহী প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণি অথবা লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে৷ বিচারিক ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগেও পারদর্শী কাউকে খুঁজছে বিসিবি। নির্বাচকরা নিয়োগ পাবেন দুই বছরের জন্য। তাদের দায়িত্ব হবে জাতীয় দল এবং ‘এ’ দলের খেলোয়াড় নির্বাচন। এছাড়া পাইপলাইনে থাকা খেলোয়াড়দের দিকেও নজর রাখবেন তারা। আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের স্কটল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজ, নারী বিপিএল শুরু চট্টগ্রামে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একযোগে দুই বছরের জন্য বিসিবি নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক। তবে এক বছর না যেতেই পদত্যাগ করেন হান্নান। গত অক্টোবরে বিসিবি নির্বাচন করে পদ ছাড়েন আব্দুর রাজ্জাকও। প্রধান নির্বাচক লিপুকে সঙ্গ দিতে অক্টোবরেই হাসিবুল হোসেন শান্তকে বসানো হয় নির্বাচক পদে। বিসিবির সঙ্গে লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। এখনই অবশ্য তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছিল না বিসিবি। তবে পারিবারিক জটিলতার কারণে বিসিবির দায়িত্ব থেকে অব্যহতি নেয়ার সিদ্ধান্ত নিয়ে বিসিবিকে জানিয়েছেন প্রধান নির্বাচক। বিসিবি তার বিষয়টি বিবেচনায় নিলেও আরও এক মাসের জন্য এই পদে দায়িত্ব পালনের অনুরোধ করে। আরও পড়ুন: আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ লিপু এবং রাজ্জাকের বদলি হিসেবেই এবার দুজন নির্বাচক নিচ্ছে বিসিবি। নতুন নির্বাচকদের মধ্যে একজন হবেন প্রধান নির্বাচক।