আরব আমিরাতে ম্যাচ বাতিল ইংল্যান্ড লায়ন্সের, নারী দলের ক্যাম্প স্থগিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে ইংল্যান্ড লায়ন্সের একটি নির্ধারিত ম্যাচ বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে ইংল্যান্ড নারী দলের আবুধাবিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ ক্যাম্পও স্থগিত করা হয়েছে। ইসিবি জানিয়েছে, তারা যুক্তরাজ্য সরকারের সঙ্গে এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তাই তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’। ইংল্যান্ড লায়ন্স দল, যার কোচ অ্যান্ড্রু ফ্লিন্টফ, আবুধাবিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে পাঁচ ম্যাচের ৫০ ওভারের সিরিজ খেলছিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। তবে ইরানের পাল্টা হামলা এবং দুবাইয়ের পাম জুমেইরাহ রিসোর্টসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়েছে। ২৫ সদস্যের লায়ন্স দল বর্তমানে যে জায়গায় রয়েছে, সেটা ত্যাগ করতে পারছে না, কারণ আরব আমিরাতের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রয়েছে। নারী দলের ক্যাম্প স্থগিত আগামী সপ্তাহে আবুধাবিতে ইংল্যান্ড নারী দলের যে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল, সেটিও আপাতত স্থগিত করা হয়েছে। ইসিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলটির যাত্রা বিলম্বিত থাকবে। অন্যদিকে, ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল, যারা বৃহস্পতিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে, তারা নির্ধারিত সূচি অনুযায়ী মুম্বাই সফরের অনুমতি পেয়েছে। আইসিসি জানিয়েছে, তারাও ‘পরিবর্তনশীল পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইসিবির এক মুখপাত্র বলেন, ‘আমাদের দল ও স্টাফদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সরকারি নির্দেশনা অনুসরণ করছি। ইংল্যান্ড মেনস লায়ন্স ও পাকিস্তান শাহিনসের মধ্যকার দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে না। একই সঙ্গে ইংল্যান্ড নারী দলের প্রস্তাবিত আবুধাবি সফর বিলম্বিত করা হয়েছে। ভবিষ্যৎ সফর নিয়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন চালিয়ে যাব। তবে ইংল্যান্ড পুরুষ দল পরিকল্পনা অনুযায়ী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে মুম্বাই যাবে।’ আইএইচএস/