টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে কয়েক ঘণ্টা পরই কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জিতলে সেমিফাইনাল, হার বিদায়; এমন সমীকরণে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী বিষয়গুলোতে নজর দেওয়া যাক।ইডেন গার্ডেন্স, ঠিক এক দশক আগে এই মাঠেই অধিনায়ক স্যামির নেতৃত্বে ভারতকে সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ; পরে একই আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ক্যারিবিয়ানরা। এবার তিনি ফিরেছেন প্রধান কোচ হিসেবে আর সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ‘ভার্চুয়াল কোয়ার্টারফাইনাল’। সাম্প্রতিক আসরগুলোতে দ্বিতীয় পর্বের গণ্ডি পেরোতে না পারা ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি নতুন অধ্যায় লেখার সুযোগ। তবে বাস্তবতা বলছে, ভারতের বিপক্ষে জিততে হলে কৌশল, টস আর মাঝের ওভার; সবখানেই সঠিক সিদ্ধান্ত জরুরি। টস জিতলে কী সিদ্ধান্ত?চলতি আসরে কলকাতায় হওয়া পাঁচটি ম্যাচের চারটিতেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল, কিন্তু জিতেছে চারবারই রান তাড়া করা দল। যদিও সবগুলোই ছিল দিনের ম্যাচ। ২০২৩ সালের পর থেকে ইডেনে হওয়া ১৭টি সন্ধ্যার টি-টোয়েন্টির মধ্যে আটটিতে জিতেছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল। শিশির ফ্যাক্টরই কি নির্ধারণ করবে ম্যাচ?রাত ৮টার পর ভারী শিশিরের সম্ভাবনা থাকায় দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ের জন্য অনুকূল হতে পারে। শুষ্ক উইকেট, বড় ম্যাচের চাপ এবং রাতের শিশির; সব মিলিয়ে টসজয়ী অধিনায়ক শুরুতে বল করে পরে লক্ষ্য তাড়া করার ঝুঁকি নিতে পারেন। বিশেষ করে ক্যারিবিয়ানদের পাওয়ার-হিটিং লাইনআপ বিবেচনায় রেখে ভারতও শিশিরের সুবিধা নিতে চাইতে পারে। আরও পড়ুন: ভারতকে সহজেই হারাবে ওয়েস্ট ইন্ডিজ: আমির মাঝের ওভারের লড়াই গড়ে দিতে পারে ব্যবধান৭ থেকে ১৬ ওভার; এই পর্যায়ে ভারত বল হাতে ছিল কার্যকর, প্রতি ১৬ বলে একটি উইকেট। কিন্তু শেষ দুই ম্যাচে সেই ধার কমে গেছে; ১২০ বলে মাত্র চার উইকেট। অন্যদিকে এই সময়টাতেই সবচেয়ে বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজ। তাদের স্ট্রাইক রেট ১৫৪.৪৯, গড়ে প্রতি পাঁচ বলে একটি বাউন্ডারি—টুর্নামেন্টে সেরা। অর্থাৎ, ভারতের স্পিন আক্রমণ বনাম ক্যারিবিয়ানদের পাওয়ার গেম; মাঝের ওভারের এই লড়াইই নির্ধারণ করতে পারে কলকাতার ‘ভার্চুয়াল কোয়ার্টারফাইনাল’-এর ভাগ্য। ভারত দ্রুত ছন্দে ফিরেছে, ওয়েস্ট ইন্ডিজ ফিরতে চায় গৌরবের মঞ্চে। নস্টালজিয়া, কৌশল আর চাপ; সব মিলিয়ে ইডেনে আরেকটি স্মরণীয় রাতের অপেক্ষা।