খামেনি নিহত, কাশ্মীরে হাজার হাজার মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে রোববার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক হাজার শিয়া মুসলিম বিক্ষোভে অংশ নিয়েছেন। লাল, কালো এবং হলুদ পতাকা হাতে বিক্ষোভকারীরা শ্রীনগরের কেন্দ্রস্থলে প্রধান চত্বরে একত্রিত হয়েছেন। খবর এএফপির। শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশে তাদের অনেকেই ইসরায়েল এবং মার্কিন বিরোধী স্লোগান দিয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া ৪০ বছর বয়সী সৈয়দ তৌফিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ আমরা সবাই অত্যন্ত ভারাক্রান্ত। আমরা আমাদের প্রিয় নেতা যিনি শহীদ হয়েছেন তার জন্য শোক প্রকাশ করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের সকলের একটি বার্তা আছে...আমরা সর্বদা আপনার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। যদি আপনি মনে করেন যে, আপনি আমাদের প্রিয় নেতাকে শহীদ করেছেন, তাহলে আপনি একটি ভ্রান্ত ধারণার মধ্যে আছেন... আমরা, খামেনির পুত্ররা, জীবিত থাকাকালীন আপনি নিপীড়ন করতে পারবেন না। ৪৩ বছর বয়সী ইশফাক ওয়ানি নামের আরেক বিক্ষোভকারী মুসলিম দেশগুলোকে ‘এক পতাকার নিচে’ একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। কাশ্মীর ছাড়াও ভারতের অন্যান্য অংশেও একই ধরণের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে যেখানে উল্লেখযোগ্য শিয়া মুসলিমদের উপস্থিতি রয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, তিনি ইরানের ঘটনাবলী নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং উত্তেজনা বা অস্থিরতার কারণ হতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে জম্মু ও কাশ্মীরের শোক পালনকারীরা শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করতে পারে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানা গেছে। টিটিএন