ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয় বিচারবিদ সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে।সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১ মার্চ) এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, ইরানের নতুন নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। আলিরেজা আরাফি অস্থায়ী লিডারশিপ কাউন্সিলে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই এর সঙ্গে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানকে কে নেতৃত্ব দিতে পারেন তা ‘সঠিকভাবে জানেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আরও পড়ুন: খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল? সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে, খামেনির মৃত্যুর পর কে ইরানের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ঠিক জানি কে, কিন্তু আমি আপনাদের বলতে পারব না।’ ইরানে এমন কেউ আছেন কি না যাকে তিনি দেশটির নেতৃত্বে দেখতে চান, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়। কিছু ভালো প্রার্থী আছেন।’  খামেনির স্থলাভিষিক্ত কে হবেন, এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে একসময় তারাই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই।’