সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ৩০১৭৩ জনকে সরকারি খরচে আইনি সেবা

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের যাত্রা শুরু হয়। শুরু থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৩০ হাজার ১৭৩ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ৮১৮টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। ৩ হাজার ৩৫৫টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়েছে। নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩০০টি মামলা। আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। এফএইচ/এমআইএইচএস