মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বিগত সময়গুলোতে মানুষকে দেখানোর জন্য, শোঅফ করার জন্য অযথা খরচ করা হয়েছে। আমাদের এগুলো বন্ধ করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি।’রোববার (০১ মার্চ) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে, সব অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করতে হবে। এই নর্থ বেঙ্গল সুগার মিলের যে প্রোডাকশন ক্ষমতা আছে, এই উৎপাদন ক্ষমতাকে আরও বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল তৈরি করতে যা যা করা প্রয়োজন সবগুলো আমি করব ইনশাআল্লাহ।’অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছেন তাদের অনেকের এখন পর্যন্ত যে পেনশনের টাকাটা, সেটা তাদের কাছে পৌঁছায় নাই। আমাকে বলা হয়েছে ঈদের আগের বিষয়টা দেখার জন্য। আমি চেষ্টা করব ঈদের আগে হোক বা পরে হোক অনতিবিলম্বে যেন এই পেনশনের টাকা তাদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা যায়।’আরও পড়ুন: অপরাধীদের কোনো দল নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রীফারজানা শারমিন পুতুল বলেন, ‘সুগার মিলে এখন যে উৎপাদন ক্ষমতা আছে প্রতিদিন ১৫০০ মেট্রিকটন; যদি আমরা এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, প্রযুক্তি উন্নত করতে পারি, যদি আমরা এই সুগার মিলকে নতুন করে ঢেলে সাজাতে পারি তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। উৎপাদন ক্ষমতা বাড়লে আমরা স্বনির্ভর হতে পারি।’এ সময় উপস্থিত ছিলেন: নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।