আমরা এই সংঘাত শুরু করিনি, তবে শেষ করব: পেন্টাগন থেকে হেগসেথের বার্তা

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালেও তা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি বলেছেন, আমেরিকা এই সংঘাত শুরু করেনি, তবে তারাই এটি শেষ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এমন প্রতারণামূলক বার্তা দিয়ে তিনি ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিরক্ষা সচিব হেগসেথ তার পোস্টে লিখেছেন, আমেরিকান জনগণ লক্ষ্য করে কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা আমরা সহ্য করব না। ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাসহ তাদের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হবে। ইরানি নৌবাহিনীকেও নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের প্রতিশ্রুতি অনুযায়ী ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের যেখানেই আমেরিকানদের হত্যা বা হুমকি দেওয়া হবে (যেমনটা ইরান করেছে) সেখানে তাদের খুঁজে বের করে নির্মূল করা হবে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। রাজধানী তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই হামলাকে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সূত্র: তাস কেএম