রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ইফতার। সূর্যাস্তের পর ইফতার করা ইসলামের সুস্পষ্ট বিধান। তবে অনেক সময় আজান দিতে দেরি হয়। ফলে অনেকের মনে প্রশ্ন জাগে, ইফতারের সময় হলেও কি আজান শোনা পর্যন্ত অপেক্ষা করা জরুরি?ইসলামে ইফতার করার মূল ভিত্তি হলো সূর্যাস্তের সময়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত এদিক থেকে আসে এবং দিন ওদিক থেকে চলে যায় এবং সূর্য অস্ত যায়, তখনই রোজাদার ইফতার করবে। (সহিহ বুখারি: ১৯৫৪, সহিহ মুসলিম: ১১০০) এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, ইফতার শুরু করার মূল নির্ধারক হলো সূর্যাস্ত, আজান নয়। তবে সমাজের অধিকাংশ মানুষ আজানের মাধ্যমেই ইফতারের সময় বোঝেন। এজন্য সাধারণত আজান শোনা পর্যন্ত অপেক্ষা করাই উত্তম। আরও পড়ুন: ফিতরা কার ওপর ওয়াজিব আজান দিতে দেরি হলে করণীয় অনেক সময় দেখা যায়, ইফতারের নির্ধারিত সময় হয়ে গেলেও আজান দিতে কিছুটা দেরি হয়। এটি মসজিদের মুয়াজ্জিন বা ইমামের ব্যক্তিগত ব্যস্ততার কারণে হতে পারে, আবার কোনো কারিগরি সমস্যার কারণেও দেরি হতে পারে। এমন পরিস্থিতিতে করণীয় কী? ১. বিশ্বস্ত সময়নির্ধারণী দেখে ইফতার: যেহেতু ইসলামে সূর্যাস্তের সময়েই ইফতার করতে বলা হয়েছে, তাই বিশ্বস্ত সময়নির্ধারণী দেখে ইফতার করা জায়েজ। বিশ্বস্ত ইসলামিক ক্যালেন্ডার বা অনুমোদিত সময়সূচির ওপর ভিত্তি করে ইফতার করলে কোনো সমস্যা নেই। ২. অযথা সন্দেহ না করা: ইসলামে অতিরিক্ত সন্দেহ প্রবণতা পরিহার করতে বলা হয়েছে। যদি আপনি নিশ্চিত হন যে সূর্যাস্ত হয়ে গেছে, তাহলে ইফতার করতে পারেন। তবে নিশ্চিত না হলে আজান পর্যন্ত অপেক্ষা করাই উত্তম।