মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।রোববার (১ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলের সময় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি সামরিক স্থাপনা এড়িয়ে চলা এবং বাংলাদেশি দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রেখে তাদের সান্নিধ্যে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।’আরও পড়ুন: মানুষ আর খবরদারির রাজনীতি চায় না, পরিবর্তন চায়: প্রতিমন্ত্রী নুরপ্রতিমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো তথ্য সরকার পায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।প্রবাসগমন প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘অনেক প্রবাসপ্রত্যাশী দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’আরও পড়ুন: প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রীতিনি আরও বলেন, ‘প্রবাসে যেতে অতিরিক্ত অর্থ ব্যয়ের অন্যতম কারণ হলো প্রতারক দালালচক্র। সরকার অভিবাসন ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করছে।’ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন।উল্লেখ্য, প্রতিমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তার প্রথম পটুয়াখালী সফর। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে তিনি জেলায় আসেন এবং শুক্র ও শনিবার তার নির্বাচনী এলাকা গলাচিপা ও দশমিনায় সরকারি মতবিনিময় সভা ও দলীয় কর্মসূচিতে অংশ নেন।