একই দিনে বরখাস্ত হওয়া নেত্রকোনার কলমাকান্দার ইউপি চেয়ারম্যানের স্বপদে বহাল এবং ইউএনও বদলির আদেশ জারি হয়েছে। রোববার (১ মার্চ) আলাদাভাবে দুটি প্রজ্ঞাপন জারি করে প্রশাসন।স্থানীয় সরকার কর্তৃক দেয়া ওই আদেশে বরখাস্ত হওয়া কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া স্বপদে ফিরছেন বলে জানা যায়।এদিকে, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে কলমাকান্দা ইউএনও মাসুদুর রহমানকে পরবর্তী বদলির আদেশ না হওয়া পর্যন্ত কমিশনের কার্যালয়ে ন্যাস্ত করা হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, গেল জানুয়ারি মাসে উপজেলা প্রশাসন একটি অভিযানে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথাকাটাকাটি হয়।এর জেরে ইএনও মাসুদুর রহমানের সাথে কথা কাটাকাটির একটি ভিডিওর অংশ ফেইসবুকে ভাইরাল হয়। যে ভিডিওতে ইউএনওকে শাসাতে দেখা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে বাধা প্রদান ও আদালত অবমাননার অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগ ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে কলমাকান্দায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সময় চেয়ারম্যান ও ইউএনওর মধ্যে বাগ্বিতণ্ডা ঘটনা ঘটে। এ সময় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ঘটে পালটাপালটি শোকজের ঘটনাও।আরও পড়ুন: ইউএনওকে ধমক দেয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্তওই সময় ইউএনও বদলির আদেশের বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামির নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা মানববন্ধন করে এবং একপর্যায়ে ইউএনওর বদলি বাতিল হয়।এদিকে, বরখাস্ত হওয়া চেয়ারম্যান হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে আদালত বরখাস্তাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। পরে আদালতের স্থগিতাদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানকে স্বপদে বহালের প্রজ্ঞাপন জারি করা হয়।চেয়ারম্যানের স্বপদে ফেরা প্রসঙ্গে কলমাকান্দা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. রেজাউল করিম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার থেকেই চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া স্বপদে দায়িত্ব পালন শুরু করেছেন।অন্যদিকে একই দিনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনও মাসুদুর রহমানের বদলি করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেন।