বাংলাদেশের আকাশে আগামী মঙ্গলবার (৩ মার্চ) এক মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ওইদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। চন্দ্রগ্রহণ চলাকালীন চাঁদ অদ্ভুত লালচে রং ধারণ করবে। আকাশ পরিষ্কার থাকলে দেশের চন্দ্রোদয়ের ঠিক পরই গ্রহণটির শুধু শেষ অংশ দেখা যাবে। রোববার (১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। পূর্ণগ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। এ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫। কখন ও কোথায় দেখা যাবে? বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় গতিপথ হবে উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এছাড়াও এটি কিমম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগরে অবস্থিত মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপ ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে দৃশ্যমান হবে। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে গ্রহণের সময় বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত বিভিন্ন সময়ে গ্রহণের শেষ অংশ দেখা যাবে। বিভাগীয় শহরগুলোতে গ্রহণ শুরুর সময়: ঢাকা: সন্ধ্যা ৬টা ১ মিনিট ১২ সেকেন্ড। ময়মনসিংহ: সন্ধ্যা ৬টা বেজে ২৪ সেকেন্ড। চট্টগ্রাম: বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড। সিলেট: বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড। খুলনা: সন্ধ্যা ৬টা ৫ মিনিট ১২ সেকেন্ড। বরিশাল: সন্ধ্যা ৬টা ১ মিনিট ৫৪ সেকেন্ড। রাজশাহী: সন্ধ্যা ৬টা ৭ মিনিট ৩৬ সেকেন্ড। রংপুর: সন্ধ্যা ৬টা ৪ মিনিট ৩৬ সেকেন্ড। বিভাগীয় শহরগুলোতে গ্রহণ শেষের সময় ঢাকা: রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড। ময়মনসিংহ: রাত ৮টা ২৩ মিনিট ৪৮ সেকেন্ড। চট্টগ্রাম: রাত ৮টা ১৯ মিনিট ৫৪ সেকেন্ড। সিলেট: রাত ৮টা ১৮ মিনিট ০০ সেকেন্ড। খুলনা: রাত ৮টা ২৮ মিনিট ৪২ সেকেন্ড। বরিশাল: রাত ৮টা ২৫ মিনিট ১২ সেকেন্ড। রাজশাহী: রাত ৮টা ৩১ মিনিট ৬ সেকেন্ড। রংপুর: রাত ৮টা ২৮ মিনিট ৬ সেকেন্ড। টিটি/ইএ