সত্যিই কি তৃতীয় বিয়ে করছেন শোয়েব মালিক, যা জানালেন তিনি

তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন শোয়েব মালিক–এমন গুঞ্জন ক্রমেই জোরাল হচ্ছিল। হবু স্ত্রী হিসেবে কয়েকটি নামও ভাসা ভাসা শোনা যাচ্ছিল। কিন্তু এবার নীরবতা ভাঙলেন পাকিস্তানের এই সাবেক তারকা। এক বিস্তারিত বিবৃতিতে অভিজ্ঞ এই অলরাউন্ডার দাবি করেছেন, এসব খবর 'মিথ্যা ও মনগড়া'। পাশাপাশি তার স্ত্রী সানা জাভেদকে লক্ষ্য করে করা ট্রলিংয়েরও নিন্দা জানান তিনি। মালিক বলেন, তার নীরবতাকে ভুলভাবে নেওয়া হয়েছে।ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে মালিকের বিয়ে ২০২৩ সালে পারস্পরিক সম্মতিতে শেষ হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। এরপর ২০২৪ সালের ১৯ জানুয়ারি করাচিতে ব্যক্তিগত নিকাহ অনুষ্ঠানের মাধ্যমে সানা জাভেদকে বিয়ে করেন এই সাবেক অলরাউন্ডার।বিবৃতিতে মালিক বলেন, '২০২৩ সালের শুরুতেই আমার প্রথম বিয়ের ইতি ঘটে। পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত হয়েছিল, আমরা আমাদের সন্তানের সহ-অভিভাবকত্ব করব। এর পরেই আমি পুনরায় বিয়ে করি। পরিবারের প্রতি সম্মান রেখেই সবসময় ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার চেষ্টা করেছি। কিন্তু মনে হচ্ছে আমার নীরবতাকে ভুলভাবে নেওয়া হয়েছে।'তিনি আরও বলেন, তার ছেলে এখন এমন বয়সে পৌঁছেছে যে এসব খবর পড়তে পারে, এটাই ছিল তার মুখ খোলার বড় কারণ। আরও পড়ুন: ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়ামালিক বলেন, 'বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাকে বলতেই হচ্ছে। আমার ছেলে এখন এমন বয়সে, যখন সে এই মিথ্যা ও মনগড়া গল্পগুলো পড়বে, যেগুলো সামান্য আয়ের জন্য ভিউয়ের আশায় ছড়ানো হচ্ছে। এসব হাস্যকর অভিযোগ আমার প্রিয়জনদের কষ্ট দিচ্ছে।'মালিক সবাইকে তার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।এই ৪৪ বছর বয়সী বলেন, 'দায়িত্বশীল আচরণ করুন; জীবনে কয়েকটি লাইক বা ভিউয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমারও পরিবার আছে, আপনাদের সবার মতোই। আশা করি আমার এই বার্তাটি ইতিবাচকভাবে নেওয়া হবে এবং ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান বা রসিকতা বন্ধ হবে। তা না হলে আমার টিম ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।'