ইরানি হামলায় সেনা হতাহতের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের অন্তত তিনজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে। এছাড়া আরও অন্তত ৫ জন সেনা গুরুতর আহত হয়েছেন।রোববার (১ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে নয়টার দিকে ইউএস সেন্ট্রাল কমান্ডের এক্স হ্যান্ডলে দেয়া আপডেটে জানানো হয়, ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরি চলাকালে এসব সেনা হতাহত হয়েছেন। এদের মধ্যে অনেকে সামান্য আহত হয়েছেন। কেউ কেউ এরইমধ্যে চিকিৎসা নিয়ে দায়িত্বে ফিরেছেন।নিহতদের নাম-পরিচয় দ্রুত জানানো হবে বলেও জানিয়েছে সেন্টকম।এদিকে ইরান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে।এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, 'মার্কিন এয়ারক্র্যাফট ক্যারিয়ার আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে।'ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে গত জানুয়ারির শেষ দিকে আরব সাগরে মোতায়েন করা হয় ইএএস আব্রাহাম লিংকন। এরপর থেকে এই অঞ্চলে পরিচালিত হচ্ছে জাহাজটি।তবে এটি ইরানি মিসাইল দ্বারা আক্রান্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।ইরানের সঙ্গে আলোচনার মাঝেই শনিবার অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরাইল। দেশটির বিভিন্ন শহরে কয়েক হাজার বোমা ফেলা হয়েছে এরইমধ্যে। এতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ বেশি কয়েকজন সামরিক-বেসামারিক নেতা।হামলার শিকার হওয়ার অল্প সময়ের মধ্যেই পাল্টা আক্রমণ শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন ঘাঁটি এবং ইসরাইলকে টার্গেট করে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইসরাইলে অন্তত ৯ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। এছাড়া কুয়েতে ১ জন, ইরাকে ২ জন, আরব আমিরাতে ৩ জন নিহত হয়েছেন। বাহরাইন, কাতার এবং ওমানে বেশ কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরানের মিসাইল সৌদি আরবের লক্ষ্যবস্তুতেও আঘাত করেছে।অপরদিকে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে অন্তত ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৮শ মানুষ।