কৃষি সচিব এমদাদ উল্লাহকে বাধ্যতামূলক অবসর

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়া তাকে চাকরি থেকে অবসর দিতে পারবে। তবে শর্ত থাকে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে।’ ২০২৪ সালের ১৪ আগস্ট পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষি সচিব নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। গত ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সিনিয়র সচিব/সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা সবাই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। একই দিন গত সরকারের সময়ে সচিব হওয়া তিনজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।  সর্বশেষ রোববার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে সরিয়ে দেওয়া হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত (সচিব) করা হয়েছে। আরএমএম/এমআরএম