ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানি বাহিনীকে অস্ত্র সমর্পণ করে তাদের অবস্থান ত্যাগ করার আহ্বান জানানোর দাবিও করেছে তারা।ইরানে চলমান মার্কিন হামলা তদারকি করা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ওমান উপসাগরের চাবাহার বন্দরের একটি পিয়ারে অবস্থানরত ইরানের জামারান-শ্রেণির একটি করভেট ডুবিয়ে দিয়েছে। খবর রয়টার্সের। সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় সেন্টকম বলেছে, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) যেমন বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি ও পুলিশ সদস্যদের অস্ত্র সমর্পণ করতে হবে। জাহাজ ছাড়তে হবে।’ এই বক্তব্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেয়া মন্তব্যের উল্লেখ করা হয়। আরও পড়ুন: ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ হামলায় নিহত হয়েছেন: রিপোর্ট এদিকে, সংবাদমাধ্যম আল জাজিরাকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীতে আঘাত হানেনি এবং জাহাজটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওই কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করে যে তারা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্যবস্তু করেছে।